ফরিদপুরের ভাঙ্গা বাজারের ঈদগাহ মসজিদের সামনের নর্দমায় ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৪৫)। তার বাড়ি উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ পড়তে দুপুর ১টার দিকে ভাঙ্গা বাজারের ঈদগাহ মসজিদের দিকে রওনা দেন জিল্লুর। পথে মাথা ঘুরে নর্দমার মধ্যে পড়ে যান তিনি। তখন স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় নর্দমা থেকে জিল্লুরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এ সময় ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জিল্লুরকে দেখে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর আহমদ জানান, স্থানীয়দের মতে জিল্লুর মৃগী রোগে আক্রান্ত ছিল। হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনভাবে নর্দমার পানিতে পড়ে সে ডুবে যায়। তবে ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধার করলে হয়তো জিল্লুর প্রাণে বেঁচে যেত।