‘ব্লিঙ্কেনের ইসরায়েল সফর গাজায় বোমাবর্ষণে প্রভাব ফেলবে না’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ইসরায়েল সফর অবরুদ্ধ গাজায় চলমান বোমাবর্ষণে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।

মারওয়ান বিশারা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আমরা আরও বেশি লোককে হত্যা করতে দেখব। গাজায় অব্যাহত অবরোধ এবং জ্বালানি, পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকলে ভয়াবহ প্রভাব পড়বে। এটি আরও বেশি লোককে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আর তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র কী করছে তার ওপর।

গত শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এর জের ধরে গাজা উপত্যকায় অবরোধসহ পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় পানি, জ্বালানি প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্যমতে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪১৭ জনে পৌঁছেছে। আহত হয়েছে ছয় হাজার ২০০ জনেরও বেশি। অপরদিকে ইসরায়েল-হামাস যুদ্ধে প্রায় এক হাজার ৩০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ২০০ জনেরও বেশি।