তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের হাত থেকে দেশরক্ষায় ঐক্যবদ্ধ থাকুন

বিএনপি-জামায়াত চক্র বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমরা এই দেশকে বিএনপি-জামায়াতের হাতে, সাম্প্রদায়িক শক্তির হাতে বিভক্ত করতে দিতে পারি না।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন আজ শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে অবাক করে দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি–জামায়াতের নেতৃত্বাধীন অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই ষড়যন্ত্রের সঙ্গে কিছু আন্তর্জাতিক চক্রান্তও যুক্ত হয়েছে। তারা দেশের অগ্রগতির চাকাকে টেনে ধরতে চায়। কারণ, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

‘বিএনপি সেমিফাইনালে হেরে গেছে, ফাইনালেই ওঠে নাই, সুতরাং তাদের সঙ্গে কী ফাইনাল খেলব,’ এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা জানি, বিএনপি কতটুকু পারবে। তারা আমাদের প্রতি মাসে টেনে নামায় ক্ষমতা থেকে। গত ডিসেম্বর মাসে ক্ষমতা থেকে টেনে নামাতে গিয়ে গোলাপবাগে গরুর হাটে গিয়ে তাদের আন্দোলন মারা পড়েছিল। গত মাসে বলেছিল যে সেপ্টেম্বর মাসে ফাইনাল খেলা। আরও বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ৪৮ ঘণ্টা এখন ১০ দিন পেরিয়ে গেছে, খালেদা জিয়ার মুক্তি হয়নি।