সেভাবে জ্বলে উঠতে পারলেন না নেইমার, ভিনিসিউস জুনিয়র ও রিশার্লিসনরা। প্রথমার্ধ ঢিমেতালে কাটানো ব্রাজিল দ্বিতীয়ার্ধে পেল জালের দেখা। কিন্তু সেই গোল আগলে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দিকের গোলে ব্রাজিলের উৎসবের আয়োজন ভেস্তে দিল ভেনেজুয়েলা।
অ্যারেনা পান্তানালে শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল। গাব্রিয়েল ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর এদুয়ার্দ বেলো ভেনেজুয়েলাকে সমতায় ফেরান।
এদিনই নিকোলাস ওতামেন্দির গোলে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠে আর্জেন্টিনা। ঘণ্টা দুয়েকের ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথেই ছুটছিল ব্রাজিল। কিন্তু হোঁচট খেয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে আক্রমণে ওঠে ব্রাজিল। নেইমারের পাস ধরে রিশার্লিসন ক্রস বাড়ান গোলমুখে। ভিনিসিউস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ।
এরপরই কেমন যেন মন্থর হয়ে যায় ব্রাজিলের খেলা। বলের নিয়ন্ত্রণে মনোযোগী হয়ে পড়েন নেইমার, রিশার্লিসনরা। ৩৮তম মিনিটে কাসেমিরোর শট গোলরক্ষক রোমো ঝাঁপিয়ে পড়ে আটকান। এর একটু পর দানিলোকে তুলে ইয়ান কুতোকে নামান ব্রাজিল কোচ ফের্নান্দো জিনিস।
ভেনেসজুয়েলাও সুযোগ বুঝে আক্রমণ শাণায়, কিন্তু শেষ পর্যন্ত কাজে আসেনি সেসব। প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি কিছুটা বাড়ে ব্রাজিলের। ৪৮তম মিনিটে পায়ের কারিকুরিতে জায়গা বের করে নেওয়ার পর নেইমারের শট ফিস্ট করে আটকান গোলরক্ষক।
দুই মিনিট পরই কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় টানা দুই ম্যাচ জিতে আসা ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণের সুযোগ হারান নেইমার। কুতোর ক্রসে বক্সের ভেতর থেকে এই ফরোয়ার্ড পা ছোঁয়ালে বল ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।
৭০তম মিনিটে সতীর্থের ক্রস নেইমার বুক দিয়ে নামিয়ে দেওয়ার পর জোরাল শটে বল জালে জড়ান ভিনিসিউস। কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল।
কোণঠাসা ভেনেজুয়েলা দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলোর দুর্দান্ত গোলে। ৮৫ মিনিটে জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে এদেরসনের কিছুই করার ছিল না।
বাকিটা সময়ে নেইমাররা পারেনি গোল করতে। তাতে চলতি বাছাইয়ে জয়ের ধারায় পড়ে ছেদ পড়ে ব্রাজিলের।