নির্বাচনে কে আসল আর কে আসল না– এটা বড় কথা না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘নির্বাচনে কে আসল আর কে আসল না– এটা বড় কথা না। প্রয়োজন হলে আমরা ৩০০ আসনে নির্বাচন করব। প্রধানমন্ত্রীকে বলে দেওয়া হয়েছে আমরা কেন্দ্রে ভোটার চাই। শত শত, হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয়, তাহলে নির্বাচনে কে আসল আর কে আসল না, তা নিয়ে চিন্তা নাই।’

আজ শুক্রবার টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর সাহাবুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে দলের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন করবে না, ভোট পাবে না। আমার গামছা মার্কা নির্বাচন করবে। নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস। এসব আর না, নৌকা পেলেই পাস হবে না। এবার গামছাও আছে, লাঙলও আছে। ধানের শীষ নাই তাতে কী? আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে। যার ইচ্ছা প্রত্যেকেই দাঁড়াতে পারবে, কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না। তারা মনে করে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনিই কেবল নেতা। কিন্তু আমি তো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার ডাকেই যুদ্ধ করেছি। জিয়াউর রহমানকে ততক্ষণ মানি যতক্ষণ তার নেতা শেখ মুজিবুর রহমান। যদি বলেন জিয়াউর রহমানই নেতা শেখ মুজিব কিছুই না, তাহলে জিয়াউর রহমানও আমার কাছে কিছুই না।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস ছবুর মেম্বারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা কমিটির সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।