লিফটে চাপা পড়ে তরুণের মৃত্যু

নগরের একটি কমিউনিটি সেন্টারে বোনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। চার দিকে আনন্দের পরিবেশ। মালাবদলের অনুষ্ঠান সবে শুরু হবে। ঠিক তখনই আচমকা এল দুঃসংবাদ। বোনের বিয়ের খাবার প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে গিয়ে লিফটে চাপা পড়ে প্রাণ হারান ছোট ভাই প্রীতম চৌধুরী (২০)। তার মৃত্যুর খবরে মুহূর্তেই বিয়ের আনন্দ রূপ নেয় বিষাদে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ নালাপাড়ায়। নিহত প্রীতম চৌধুরী দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া গ্রিন নামে ছয়তলা ভবনের পঞ্চম তলার বাসিন্দা শিমুল চৌধুরীর ছেলে।