টাঙ্গাইলে কাদের সিদ্দিকী

৩০০ আসনে নির্বাচন করব

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘নির্বাচনে কে আসল আর কে আসল না, এটা বড় কথা না। প্রয়োজন হলে আমরা ৩০০ আসনে নির্বাচন করব। প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) বলে দেওয়া হয়েছে, আমরা কেন্দ্রে ভোটার চাই। শত শত, হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে গিয়ে ভোট দেয়, তাহলে নির্বাচনে কে আসল আর কে আসল না, তা নিয়ে চিন্তা নাই।’

গতকাল শুক্রবার টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর সাহাবুদ্দিন আহমেদ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে না ভোট পাবে না, আমার গামছা মার্কা নির্বাচন করব। নৌকা মার্কাওয়ালারা ভাবছেন, মার্কা পেলেই পাস। এসব আর না, নৌকা পেলেই পাস হবে না। এবার গামছাও আছে, লাঙ্গলও আছে। ধানের শীষ নাই তাতে কী? আনারস মার্কা দাঁড়াবে, পাখি মার্কা নিয়ে দাঁড়াবে। যার ইচ্ছা তারাই দাঁড়াতে পারবে; কাউকে মানা করা হবে না, মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘ধানের শীষওয়ালারা বাংলাদেশ চায় না। তারা মনে করে জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনিই কেবল নেতা। কিন্তু আমি তো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি তার ডাকেই যুদ্ধ করেছি। জিয়াউর রহমানকে ততক্ষণ মানি, যতক্ষণ তার নেতা শেখ মুজিবুর রহমান। যদি বলেন জিয়াউর রহমানই নেতা, শেখ মুজিব কিছুই না, তাহলে জিয়াউর রহমানও আমার কাছে কিছুই না।’