সকাল থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে মাঠ।
আজ শনিবার সকাল থেকে সিভিল এভিয়েশন মাঠ প্রাঙ্গণে এমন চিত্র দেখা যায়। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরর তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষে মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই জনসভা দুপুর ৩টায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য দিকনির্দেশনা দেবেন। এমনটাই ধারণা করছে স্থানীয় নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক ও ঢাকা ১৮ আসন সংসদ সদস্য হাবিব হাসান দেশ রূপান্তরকে জানান, একের পর এক উন্নয়ন-কর্মকাণ্ডের ধারাবাহিক উদ্বোধনের কারণে নেতাকর্মীদের মাঝে উৎসব দেখা দিয়েছে। বঙ্গবন্ধুকন্যার এ জনসভায় অংশ নিতে আশপাশের জেলাগুলো থেকে ছুটে আসছেন নেতাকর্মীরা। জনসভার মাঠ ও আশপাশের এলাকায় মাইক বসানো হয়েছে। মাঠে থাকবে সাউন্ড সিস্টেম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান দেশ রূপান্তরকে জানান, মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই জনসভা ঘিরে এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচারণা চালানো হয়েছে। নগরের অলিগলি রাজপথ ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও তোরণে।
বিমানবন্দর জোনের এডিসি (অতিরিক্ত উপকমিশনার) মো. তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, জনসভা ঘিরে তিন স্তরের ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থান ঘুরে দেখেছে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে মাঠ ও আশপাশের এলাকায় তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে।
প্রসঙ্গত, থার্ড টার্মিনালের কাজ এরই মধ্যে ৯০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ সফট ওপেনিংয়ের পর আবার শুরু হয়েছে। তবে সফট ওপেনিং হলেও আগামী বছর থেকে অপারেশনে যাবে কর্তৃপক্ষ।