চীনের রাজধানী বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসে কর্মরত ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার একটি সুপারমার্কেটের সামনে তাকে জখম করা হয়। আহত ব্যক্তি এক ইসরায়েলি কূটনীতিকের পরিবারের সদস্য। চীনের পুলিশ ও ইসরায়েলি সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
বেইজিং পুলিশ বলেছে, তারা এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি একজন বিদেশি নাগরিক। তবে এই হামলার পেছনে উদ্দেশ্য কী ছিল তা জানা যায়নি।
ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই কর্মীকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ছুরি হাতে এক ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে মাটিতে ধস্তাধস্তি করছে এবং তাকে বেশ কয়েকবার আঘাত করছে। এর ফলে ফুটপাত রক্তে ভেসে যায়।
একপর্যায়ে ভুক্তভোগীটির চিৎকার শুনতে পান ওই এলাকায় কাজের সূত্রে আসা লোকজন।মতাৎক্ষণিক পুলিশের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পুলিশি বেষ্টনী দেওয়া হয় এবং রক্ত ধুয়ে ফেলা হয়।
গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস নজিরবিহীন হামলা চালায়। তারপর গাজায় তীব্র বোমাবর্ষণ করে ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়ে মুসলিমরা শুক্রবারের জুমার নামাজের পর রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ করে। ঠিক এমন সময়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটল।