রয়টার্স সাংবাদিকের মৃত্যু, ইসরায়েল বলল ‘খুব দুঃখিত’

দক্ষিণ লেবাননে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দুল্লাহ নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ শনিবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামরিক মুখপাত্র রিচার্ড হেকটের কাছে ইশাম আব্দুল্লাহর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকের মৃত্যুতে খুব দুঃখিত’। যদিও তারা দায় স্বীকার করেনি।

ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক মুখপাত্র আরও বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ক্রস চেক করা হচ্ছে। এটি একটি দুঃখজনক বিষয়।’ তবে আল জাজিরা জানিয়েছে, রিচার্ড হেচ্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংবাদমাধ্যমটির দুইজনসহ মোট ছয়জন সাংবাদিক আহত হয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) অভিযোগ করেছে, ইসরায়েলি গোলাগুলি সম্ভবত সংবাদমাধ্যমকে লক্ষ্য করে। যদিও জাতিসংঘে ইসরায়েলের দূত গতকাল এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা কখনো কোনো সাংবাদিককে আঘাত বা হত্যা করতে চাই না যিনি তার কাজ করছে। তবে আপনারা জানেন আমরা যুদ্ধরত অবস্থায় আছি। এ ধরনের ঘটনা ঘটতে পারে।’