নারী অধিকার নিশ্চিতে গণতান্ত্রিক নারীমঞ্চের আত্মপ্রকাশ

ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান, ভোটাধিকার, গণতন্ত্র ও নারীর অধিকার প্রতিষ্ঠায় ‘গণতান্ত্রিক নারীমঞ্চ’ নামে নতুন জোট আত্মপ্রকাশ করেছে।

শনিবার (১৪ অক্টোবর) পুরানা পল্টনের দারুস সালাম আর্কেড ভবনে এক সংবাদ সম্মেলনে ছয়টি নারী সংগঠনের এই জোট আত্মপ্রকাশ করে।

জোটভুক্ত সংগঠনগুলো হলো- শ্রমজীবী নারী মৈত্রী, নাগরিক নারী ঐক্য, সমাজতান্ত্রিক নারী জোট, নারী সংহতি, ভাসানী নারী মুক্তি পরিষদ ও রাষ্ট্র সংস্কার নারী আন্দোলন।

সংবাদ সম্মেলনে নতুন জোটটির সমন্বয়ক ও শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ১২ দফা দাবি তুলে ধরেন।

বহ্নিশিখা জামালী জানান, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দিতে ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলো রাজপথে গণ-আন্দোলন এগিয়ে নিয়ে চলেছে। ছাত্র, শ্রমিক, সংস্কৃতিকর্মী, যুবসহ বিভিন্ন পেশাজীবীরাও এই আন্দোলনে নেমে পড়েছে। দেশবাসীর ন্যায্য এই আন্দোলনে ভূমিকা রাখতে ছয়টি দলের নারী সংগঠন ও নারী প্রতিনিধিরা একত্র হয়ে গণতান্ত্রিক নারীমঞ্চ গঠন করেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটিয়ে ভোটের অধিকার, গণতন্ত্র, নারীর অধিকার ও মুক্তি অর্জনে ‘গণতান্ত্রিক নারীমঞ্চ’ আন্দোলন অব্যাহত রাখবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু, সদস্যসচিব ফেরদৌসী আক্তার, সমাজতান্ত্রিক নারী জোটের সহসভাপতি ফারজানা দিবা, নারী সংহতির সমাজকল্যাণ সম্পাদক পপি রানি সরকার, ভাসানী নারী মুক্তি পরিষদের আহ্বায়ক সোনিয়া আকতার, রাষ্ট্রসংস্কার নারী আন্দোলনের সমন্বয়ক ড. নাসিমা এ রহমানসহ নারী নেতারা।