নিউজিল্যান্ডের এবারের সাধারণ নির্বাচনে জয় পেতে চলেছে বিরোধী দল ন্যাশনাল পার্টি। প্রাথমিক ফলাফলে দলটি ৫১ আসনে জিততে চলেছে বলে জানা গেছে। ক্ষমতাসীন লেবার পার্টি ৩৩টি এবং দ্য গ্রিন্স পেতে চলেছে ১৩টি আসন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যবিত্তদের কর কমানো এবং অপরাধীদের নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হওয়া মধ্যডানপন্থি দল ন্যাশনাল পার্টির নেতা ক্রিস লুক্সন তাদের বেছে নেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, বর্তমান প্রধানমন্ত্রী লেবার পার্টির ক্রিস হিপকিন্স এরই মধ্যে দলের পরাজয় মেনে নিয়ে লুক্সনকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
বিবিসি বলছে, নিউজিল্যান্ডের রাজনীতিতে খুব দ্রুত উত্থান হওয়া লুক্সন ২০২০ সালে প্রথম এমপি নির্বাচিত হন। পরের বছরই তিনি ন্যাশনাল পার্টির নেতৃত্বে চলে আসেন। এখন নিউজিল্যান্ডের ১২১ আসনের পার্লামেন্টে মিত্রদের নিয়ে অনায়াসেই জোট সরকার গঠন করতে সক্ষম হবে তার দল ন্যাশনাল পার্টি।
দল জয় পেতে চলেছে এমন ঘোষণার পর লুক্সন বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমাদের সরকার নিউজিল্যান্ডের প্রতিটি মানুষকে সেবা দেবে।