বিএনপির নীতি ঠিক রেখে পদ্ধতি পরিবর্তন করে তৃণমূল বিএনপি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। গতকাল শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার খন্দকারবাড়িতে তৃণমূল বিএনপির উঠান বৈঠকে তিনি এ কথা জানান।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘বিএনপি আমাকে প্রয়োজন মনে করে না, তাই তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছি। আমি বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি গুলি খেয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি। এত ত্যাগের পরও দল থেকে বহিষ্কারের পর আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি বিএনপি।’
তিনি বলেন, ‘এবারের নির্বাচনে জনগণের আস্থায় তৃণমূল বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি নির্বাচন ২০১৪ ও ২০১৮ সালের মতো হয় তাহলে তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে না।’
তৃণমূল বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট নির্বাচন করবে নাকি বিএনপির সঙ্গে জোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এমন প্রশ্নে তৈমূর আলম খন্দকার বলেন, ‘রাজনীতির পরিবেশ মিনিটে মিনিটে পরিবর্তন হয়। সে সিদ্ধান্ত পরে জানানো হবে। তৃণমূল বিএনপির সারা দেশে প্রার্থী থাকবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দলের সঙ্গে জোট হবে তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে প্রার্থী দেওয়া হবে।’