সিদ্ধিরগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রি-রোলিং মিলের গ্যাসের মিটার বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রোলিং মিলে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎকরা।

দগ্ধরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (২৫), মোহাম্মদ মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০ শতাংশ, শরিফুল ৫৭ শতাংশ, জাকারিয়া ৩৫ শতাংশ ও ইকবাল ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কেউ নিহত না হলেও পাঁচজন দগ্ধ হয়েছেন।