ববি শিক্ষার্থীকে মেরে হাত ভেঙে দিল ছাত্রলীগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলে এক শিক্ষার্থীকে রাতভর রুমে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মুকুল আহমেদকে মারধর করে হাত ভেঙে দিয়েছে তারা। গত বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত নির্যাতনের এই ঘটনা ঘটে। যাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তারা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামজিদ হাসান মঞ্জু ও সিহাব উদ্দিন। এ দুজনই ববি শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা ক্যাম্পাসে অসীম দেওয়ানের ছত্রছায়ায় রাজনীতি করে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে নির্যাতনের এই ঘটনা জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে চলে গেছেন ছাত্রলীগ কর্মী সিহাব ও মঞ্জু। এ ব্যাপারে বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি। মুকুলকে যে কক্ষে নির্যাতন করা হয়েছে তার পাশের একটি কক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা রাতে চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি। তবে ছাত্রলীগ কর্মীদের রুম হওয়ায় বিষয়টিতে ওইভাবে কর্ণপাত করিনি। সকালে শুনেছি সাধারণ শিক্ষার্থীকে তুচ্ছ বিষয় নিয়ে মেরেছে।’ মুকুল হলের ৫০২০ নম্বর কক্ষে থাকেন। ওই কক্ষের আবাসিক শিক্ষার্থীরা জানান, সারা রাত কক্ষে ছিলেন না মুকুল। সকালে হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে কক্ষে আসেন। এরপর কিছু বন্ধুর সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান।