একসঙ্গে জন্ম নেওয়া ৫ শিশুর ৪ জনেরই মৃত্যু

একে একে মারা গেল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম দেওয়া মনসুরা আক্তারের ৫ নবজাতকের ৪ জনই। বেঁচে থাকা একমাত্র মেয়ে শিশুটি এনআইসিইউতে রয়েছে। তার  অবস্থা আশঙ্কাজনক। তবে তাকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গতকাল রবিবার বিকেলে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের (এনআইসিইউ) প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জি জানান, জন্মের সময়ই ৫ নবজাতকের ওজন খুবই কম ছিল। এছাড়াও ছিল বিভিন্ন জটিলতা। জন্মের পরপরই তাদের এনআইসিইউতে রাখা হয়। জন্মের কয়কে ঘণ্টা পর একটি শিশু মারা যায়। এরপরে একে একে আরও ৩ শিশুর মৃত্যু হলো। বর্তমানে এনআইসিইউতে এক মেয়েশিশুর চিকিৎসা চলছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।

গত বৃহস্পতিবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে এক ছেলে ও ৪ মেয়েসহ মোট ৫ সন্তানের জন্ম দেন মনসুরা। তিনি নরসিংদীর শিবপুরে বান্ধারদিয়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক আমির উদ্দিন মামুনের স্ত্রী।