ফিলিস্তিন ইস্যুতে ব্লিঙ্কেনকে কী বললেন সৌদি যুবরাজ?

গাজায় চলমান সামরিক উত্তেজনা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রবিবার (১৫ অক্টোবর) রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয়ই নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটানো সামরিক অভিযান বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব উত্তেজনা প্রশমিত করতে, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে, গাজায় অবরোধ তুলে নিতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে। ফিলিস্তিনি জনগণ যাতে তাদের বৈধ অধিকার পায় এবং স্থায়ী শান্তি অর্জন করে তা নিশ্চিতে সৌদি আরব একটি শান্তিপূর্ণ সমাধান চায়।

এদিকে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত নবম দিনে গড়িয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত দুই হাজার ৪৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজায় আহতের সংখ্যা নয় হাজার ২০০ ছুঁয়েছে।

অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, হামাসের হামলায় দেশটিতে এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে। একইসঙ্গে ১২০ জনের বেশি ইসরায়েলি নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র টাল হাইনরিক।