গাজায় পানি সরবরাহের মার্কিন দাবি ‘সঠিক নয়’

ইসরায়েল দক্ষিণ গাজায় আবারও পানি সরবরাহ করছে বলে যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। তারা বলছেন, প্রতিশ্রুতি সত্ত্বেও এখনও সেখানে পানি সরবরাহ করা হয়নি। রবিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গাজার ত্রাণকর্মীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেখানে এখনও পানি সরবরাহ চালু হওয়ার প্রমাণ মেলেনি। যদিও এর আগে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পর দক্ষিণ গাজায় পানি সরবরাহ চালু করেছে বলে জানায় ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, আমি সকালে ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়েছে দক্ষিণ গাজায় পানির পাইপ আবার চালু করা হয়েছে।