‘গায়েবি’ মামলা এবং বিরোধী দলের নেতাকর্মী ও বিরোধী মত দমনের অভিযোগ তুলে পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদে বর্তমান সরকারবিরোধী আইনজীবীরা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি দিতে গতকাল রবিবার সুপ্রিম কোর্ট বার থেকে আইজিপি কার্যালয় অভিমুখে আইনজীবীরা মিছিল নিয়ে যাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। মাজার গেটে তাদের বাধা দেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে আইনজীবীদের পাঁচ নেতা পুলিশ সদর দপ্তরে গিয়ে আইজিপির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। এ সময় অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জানা গেছে, এ কর্মসূচি পালন করে বর্তমান সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট। পুলিশের বাধার বিষয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, ‘পূর্বপরিকল্পিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমাদের আইনি অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা পাঁচ সদস্যের প্রতিনিধিদল আইজিপি কার্যালয়ে গিয়েছি। তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।’