ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে হাবিবুর রহমান রিপন (৪৮) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল দিবাগত ৩টার দিকে ওই উপজেলার আবাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে মেম্বর ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিনের সমর্থক রঞ্জু ও সাবেক চেয়ারম্যান মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ অক্টোবর রিপন মেম্বরের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু হোসেনের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে রিপন মেম্বররের সমর্থকরা রঞ্জু হোসেনের সমর্থক টেটন হোসেনকে পিটিয়ে আহত করে। এ নিয়ে গতকাল রাতে দুপক্ষের বিরোধ মীমাংসায় কয়েক দফা শৈলকুপা থানায় বৈঠক হলেও তা অমীমাংসিত থেকে যায়। পরে রিপন মেম্বরসহ কয়েকজন মোটরসাইকেল যোগে থানা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আবাইপুর বাজারে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের উপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত তিন জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে হাবিবুর রহমান রিপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।