ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এ ছাড়া হামাসের নিন্দা জানাতে পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না মালয়েশিয়া, এ কথাও জানান মালেয়শিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার পার্লামেন্টে এসব কথা বলেন তিনি। খবর আল জাজিরা ও বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার নীতি হিসেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নিন্দায় পশ্চিমা চাপের সাথে তিনি একমত নন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশের পার্লামেন্টকে এসব কথা বলেন তিনি।
রয়টার্স জানায়, ইসরায়েলে হামলার পর থেকেই বিভিন্ন বৈঠকে বা নানাভাবে পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলো বারবার মালয়েশিয়াকে হামাসের নিন্দা করতে চাপ প্রয়োগ করেছে বলে জানিয়েছেন আনোয়ার। তবে সেসব বৈঠকের বিস্তারিত বিবরণ দেননি তিনি।
আনোয়ার পার্লামেন্টকে বলেন, ‘আমি বলেছি, আমাদের নীতিগতভাবে হামাসের সাথে আগে থেকেই সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে। এভাবে, আমরা তাদের চাপের মনোভাবের সঙ্গে একমত নই, কারণ হামাসও অবাধ নির্বাচনের মাধ্যমে গাজায় জয়লাভ করেছে এবং নেতৃত্বের জন্য গাজাবাসী তাদেরকেই বেছে নিয়েছে।’