ঢাকার ক্রিকেটে নতুন 'ছক্কা নাঈম'

ঢাকার ক্লাব ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি গড়েছেন ধানমন্ডি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় সবুজ আলী। আজ মিরপুর সিটি ক্লাব মাঠে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ ম্যাচে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাতের ওভারে এই কীর্তি গড়েন সবুজ।

ঢাকার ক্লাব ক্রিকেট দ্বিতীয়বার কাউকে এক ওভারে ছয়টি ছক্কা মারতে দেখল। এর আগে ২০০৯ সালের নভেম্বরে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের মার্শাল আইয়ুবের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন গাজী ট্যাংকের নাঈম ইসলাম।

আজ ৪৯ ওভার খেলা শেষে ধানমন্ডি তুলেছিল ২৪০/৬। শেষ ওভারে প্রথম বলে ইয়াসিন শাকিলকে আউট করলে ক্রিজে আসেন সবুজন। এরপরের চার বলে টানা চারটি ছক্কা মারেন সবুজ। পরের নো বল হওয়ায় ছয় বলে ছয় ছক্কা মারার সুযোগ পেয়ে যান সবুজ। তিনি নো বলটিও ছক্কা মারেন, মেরেছেন ফ্রি হিটেও।

সব মিলিয়ে ইয়াসিরের এক ওভারে ৩৭ রান পেয়ে যায় ধানমন্ডি। তাদের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ২৭৭ রানে। জবাবে ৮ উইকেটে ২১০ রানে থামে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। ছয় ছক্কা মারা সবুজ ৭ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ম্যাচসেরা হয়েছেন অবশ্য ধানমন্ডির হয়ে ১০২ রান করা আবু তাইহান।