রাজধানীতে ভবন থেকে পড়ে যুবক নিহত

রাজধানীর কদমতলীর মুজাহিদনগরে একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় নিচে পড়ে শাকিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জুয়েল জানান, তারা মুজাহিদনগরে ‘রেনেসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ কাজ করেন। সেখান থেকে আজ তারা দুজন যান ওই এলাকারই একটি নির্মানাধীন ভবনে ওয়েল্ডিং এর কাজ করতে। নির্মানাধীন ভবনটির ৩য় তলার বাহির পাশে সেফটির জন্য টিন দিয়ে যেই চালা দেয়া হয়েছে সেটি মেরামত করছিলেন তারা। কাজ করার সময় টিনের সেই চালা একপাশ খুলে কাত হয়ে যায়। তখন সেই টিন পাশের বিদ্যুতের তারে সংস্পর্শ হলে সেখান থেকেই বিদ্যুতায়িত হন শাকিল। সঙ্গে সঙ্গে সেখান থেকে নিচে পড়ে যান।

দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিহতের সহকর্মী ও পরিচিতরা জানান, শাকিলের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আষাঢ়কোঠা গ্রামে। তার বাবার নাম নবির হোসেন। বর্তমানে জুরাইন এলাকায় থাকতেন।