ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৩০ জুলাই থেকে শুরু হয়ে গত ২৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৮টি বিভাগের ২৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১০ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী।

সোমবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী ১ম বর্ষে পাসের হার ৮৫ দশমিক ৮৩, ২য় বর্ষে পাসের হার ৯১ ভাগ ও ৩য় বর্ষের পাসের হার ৮৬ দশমিক ৪২ ভাগ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম আক্তারুজ্জামান সকালে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে ফলাফল হস্তান্তর করেন। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাত্র ৪৫ দিনের মধ্যে ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যা অতীতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে করা হয়নি। এছাড়া আগামী জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

ফাজিল পরীক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সীমিত জনবল ও নানা জটিলতার মধ্যে মাত্র ৪৫ দিনে তিনটি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে বিগত সময় ৬ মাস বা আরও বেশি সময় লাগত। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে করে আমাদের সন্তানদের জীবন থেকে মূল্যবান সময় চলে না যায়।

তিনি আরও বলেন, সেশনজটের বৃত্ত থেকে বেরিয়ে আসছে মাদরাসার উচ্চশিক্ষা। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে সেশনজট শূন্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের যে সেশনজট ছিল তা দূর হয়ে সেশনজট অবমুক্তির যাত্রা শুরু হল।

তিনি আশা প্রকাশ করেন, এক বছরের মধ্যে ফাজিল (স্নাতক) পাস, ফাজিল (স্নাতক) অনার্স ও কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে আর কোনো সেশনজট থাকবে না। পরীক্ষা নেওয়ার পর দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে. এম আক্তারুজ্জামান বলেন, আগামী বছর জুনের আমাদের সব সেশনজট নিরসন হবে।

পরীক্ষার ফলাফল হস্তান্তর সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছা, প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ফররুখ আহমদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. রফিক আল মামুনসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।