রাজধানীর শাহবাগ থানাধীন টিএসসি'তে সড়ক দুর্ঘটনায় মাহফুজ হেলাল (২৩) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ জানান, রিকশা চুরি হওয়ায় এক ভুক্তোভোগী শাহবাগ থানায় একটি জিডি করেন।
শনিবার রাতে আনসার সদস্য হেলাল টিএসসি এলাকায় সন্দেহভাজন একটি রিকশা আটকের জন্য পুলিশের গাড়ি থেকে দ্রুত নামার সময় পা পিছলে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত পান। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই আনসার সদস্য।
তিনি আরও জানান, খুলনার কয়রা উপজেলার ঢালী বাড়ি গ্রামের আবারুল ইসলাম ঢালীর ছেলে হেলাল। সাধারণ আনসারের এই সদস্য বর্তমানে শাহবাগ থানায় কর্মরত ছিলেন।
নিহত হেলালের বাবা আবারুল ইসলাম ঢালী জানান, গত শনিবার দিবাগত রাতে শাহবাগ থানার মাধ্যমে তারা খবর পান, টিএসসি মোড়ে ডিউটিরত অবস্থায় গাড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন হেলাল। পরবর্তীতে তারা গ্রাম থেকে এসে হেলালকে ঢাকা মেডিকেল হাসপাতালে দেখতে পায়। সোমবার রাত ৮টার দিকে সেখানে তিনি মারা যান।
স্বজনরা জানান, এক ভাই ও ২ বোনের মধ্যে হেলাল ছিল সবার বড়। দুই বছর আগে সাধারণ আনসার বাহিনীতে যোগদান তিনি। তার বাবা গ্রামে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করেন।