দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধানক্ষেত থেকে মেহেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের হাত-মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাগ্রামের রাস্তার পাশের ধানের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভ্যানচালক মেহেদুল একই ইউনিয়নের আব্দুল্লাপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ। পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতেই হত্যা করা হয় মেহেদুলকে।
জানা গেছে, সকালে ধানক্ষেতে মেহেদুল ইসলামের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ধারণা করছি এটি হত্যা। নিহতের দুই হাত এবং দুই পা সাদা রশি দিয়ে বাঁধা ছিল। দুর্বৃত্তরা ব্যবহৃত ভ্যানটি ছিনতাই করে মেহেদুলকে হত্যা করেছে বলে মনে হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার ভ্যানটি ও ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।