বললেন সঞ্জয় মাঞ্জরেকার

ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের

২০১৯ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়েছে চারবার। এর মধ্যে তিনবারই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। গত বছর ঘরের মাঠে ২-১ ভারতকে সিরিজ হারায় বাংলাদেশ। সবশেষ দুই দেশের দেখা হয় এশিয়া কাপে। সেই ম্যাচেও ৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।

নিকট অতীতের এসব পরিসংখ্যানের পরও ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, ‘রোহিত শর্মার দলকে হারানোর সামর্থ্যই নেই বাংলাদেশের।’

এবারের বিশ্বকাটে স্বাগতিক ভারত রয়েছে তুমুল ফর্মে। তিন ম্যাচের সবকটিতেই একপেশে জয় তুলে নিয়েছে তারা। অন্যদিকে আফগানদের হারিয়ে শুভসূচনা করলেও পরের দুই ম্যাচে নিদারুণ হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে।

এজন্যই দুই দেশের অবস্থান দুই মেরুতে বলে মনে করেন সঞ্জয়। প্রোটিয়া-ডাচ লড়াইয়ের আগে টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলাদেশের সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট হবে না ভারতকে হারাতে।'

ঊরুর পেশিতে চোট পেয়ে এমনিতেই এই ম্যাচ খেলা নিয়ে শঙ্কা আছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। টপ অর্ডাররাও নেই ফর্মে। তার উপরে এমন বাক-যুদ্ধ। এসব পাশ কাটিয়ে ভারতবধের মিশন সফল করতে বৃহস্পতিবার পুনের মাঠে নামবে বাংলাদেশ।