দেশে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু ২০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৯ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ২০১ জনে। অর্থাৎ গত ১৭ দিনে দৈনিক গড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাসে গত সেপ্টেম্বরে মৃত্যু ছিল ৩৯৬ জন।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯০ জন। তাদের মধ্যে ঢাকায় ৭৩৯ জন মারা গেছে ও ঢাকার বাইরে ৪৫১ জন।
গত এক দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৬০৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৫৬১ জন ও ঢাকার বাইরে ২ হাজার ৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ২২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ২ হাজার ৪১০ জন ও ঢাকার বাইরে ৫ হাজার ৮১৪ জন।