আইনমন্ত্রী বললেন

প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন নির্বাচনকালে কত মন্ত্রী প্রয়োজন

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। এটার বিষয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছা স্বাধীনতার বিষয়। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন নির্বাচনকালীন তার কতজন মন্ত্রী প্রয়োজন। তিনি চাইলে নির্বাচনকালীন সরকার ছোট হতে পারে, প্রয়োজন মনে করলে এখন যেভাবে আছে সেভাবে থাকতে পারে। সংবিধান প্রধানমন্ত্রীকে সেই ক্ষমতা দিয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। আইএলওর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এখন যে সংশোধনীগুলো আছে সেটার বিষয়ে আইএলওর কিছু বক্তব্য আছে। আমরা সেটা শুনেছি। কিছু কিছু ব্যাপারে আজ সমাধান করে ফেলেছি। আর কিছু বিষয়ে আগামী ২২ অক্টোবর আবারও আলাপ-আলোচনায় বসব।