সম্পদের তথ্য গোপনসহ আড়াই কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।
এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার (সাময়িক বরখাস্ত) এ কে এম ফখরুল ইসলাম ও তার স্ত্রী মোহসিনা ইসলামের বিরুদ্ধে ৩ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৫৯৭ টাকা অর্জনের মামলা করা হয়েছে। এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করা হয়।
কাউন্সিলর শফিকের মামলার এজাহারে বলা হয়, আসামি শফিকুল ইসলাম ১৯৯৮ সালের ২৭ জুলাই থেকে ২০২১ সালের ১৫ মার্চ পর্যন্ত সময়ে নিজ নামে ২৯টি দলিলের মাধ্যমে ৪ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ১০৪ টাকার স্থাবর এবং ৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৫৭৩ টাকার অস্থাবর সম্পদসহ ১১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৬৭৭ টাকার সম্পদ অর্জন করেছেন। যার মধ্যে ২ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকার সম্পদের কোনো উৎস পাওয়া যায়নি, যা তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের কাছে প্রতীয়মান হয়।