ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অনলাইনে ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে আবেদন শুরু হবে, চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
জানা যায়, ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে যঃঃঢ়ং://মংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ঠিকানায় পাওয়া যাবে।
শিক্ষার্থীরা আবেদনের সময় বিদ্যালয় নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২৪ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল প্রক্রিয়ার বাইরের প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত (ভর্তি নীতিমালা অনুযায়ী) ভর্তি কমিটির প্রতিনিধির উপস্থিতিতে লটারির আয়োজন করতে হবে। এ ছাড়া জাতীয় শিক্ষানীতি ২০১০ ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর হতে হবে।