লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে স্বাগতিক উরুগুয়ের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে সেলেসাওরা। ২২ বছরের দীর্ঘ প্রতিক্ষার পর ব্রাজিলের বিপক্ষে জয়ের দেখা পেল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। এদিন ম্যাচের সঙ্গে সঙ্গে দেশটির তারকা ফরোয়ার্ড নেইমারকেও হারিয়েছে ব্রাজিল। মারাত্মক ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার।
ম্যাচে ৪২ মিনিটে প্রথমবার লক্ষ্যে আক্রমণ চালিয়ে গোল আদায় করে নেয় উরুগুয়ে। তাদেরকে এগিয়ে দেন লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজ। দারুণ গতিতে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন মাক্সিমিলিয়ানো আরাউহো, এরপর বাড়িয়ে দেন বল। নুনেজের নিচু হয়ে দেয়া জোরাল হেডে জালের ঠিকানা খুঁজে পায় বল। ম্যাচে এগিয়ে যায় উরুগুয়ে।
বিরতির ঠিক আগেই ঘটে ব্রাজিল শিবিরের আরো জোরালো ধাক্কা। নিকোলাস দি লা ক্রুজের ফাউলে পায়ে ব্যথা পেয়ে বাজেভাবে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। কিছুক্ষণ মাঠেই পড়ে থাকেন তিনি, বা পায়ের ওপর ভর দিতে পারছিলেন না। পরে স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গেই তার বদলি হিসেবে নামানো হয় রিচার্লিসনকে।
পিছিয়ে পড়া ব্রাজিল ম্যাচে ফিরতে পারেনি দ্বিতীয়ার্ধেও। উল্টো ৭৭ মিনিটে উরুগুয়ের ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস দি লা ক্রুজ। এবার দারুণ একটি বল ক্রুজের দিকে বাড়িয়ে দেন প্রথম গোল করা নুনেজ। ছয় গজের বক্স থেকে তা জালে পাঠাতে ভুল করেননি তিনি।
দুই গোল হজম করার পর লড়াইটাই করতে পারেনি ব্রাজিল। ম্যাচেও ফেরা হয়নি তাই। ২২ বছরের অপেক্ষা ফুরিয়ে আনন্দের জোয়ারে ভেসেছে উরুগুয়ে।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর চলতি বছরে এই নিয়ে তিন ম্যাচ হারল ব্রাজিল। গত মার্চে মরক্কোর বিপক্ষে ২-১ এবং জুনে সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হারে তারা।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচ জয়ের পর গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করে ব্রাজিল।
চার ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দু্ইয়ে উঠে এসেছে উরুগুয়ে।