মায়ের খোঁজে হাতির শাবক লোকালয়ে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাহাড়ি জঙ্গল পাইরাং এলাকায় একটি বন্য হাতির শাবক লোকালয়ে ঘোরাফেরা করছে। হাতি শাবকটিকে দেখার জন্য স্থানীয় জনগণ ও শিশুদের ভিড় দেখা দিয়েছে।

শাবকটি অসুস্থ হওয়ায় বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দীর নেতৃত্বে চিকিৎসা সেবা চলছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সরল ইউনিয়নের পাহাড়ি জঙ্গল পাইরাং এলাকায় ১৫/২০ দিন বয়সী একটি পুরুষ হাতির শাবক পাহাড়ের পাদদেশে নরম কাদামাটিতে আটকে যাওয়ার খবর পাওয়া যায়। পরে বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দীর নেতৃত্বে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে পাহাড়ি এলাকায় রেখে আসলে মাকে না পেয়ে আবার ১৭ অক্টোবর লোকালয়ে নেমে আসে শাবকটি।

বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতি শাবকটি কাদা মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েছে। সে শাবককে উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাকৃতিকভাবে যদি মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায় তাহলে ভাল হয়, না হলে বিকল্পভাবে হাতি শাবককে বাঁচিয়ে রাখার চিন্তা করা হবে বলে তিনি জানান।