অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে বিপাকে পড়েছেন রোহিত শর্মা। ট্রাফিক আইন ভাঙায় জরিমানা করা হয়েছে ভারতীয় অধিনায়ককে।
ভারতের সংবাদ মাধ্যম পুনে মিরর-এর খবর, বাংলাদেশ ম্যাচের জন্য পুনেতে দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় এই কাণ্ড ঘটান রোহিত। আগামীকাল পুনেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে-তে ঘণ্টায় ২০০ কি.মির বেশি গতিতে নাকি গাড়ি চালাচ্ছিলেন রোহিত। তিন বার এমনটা করায় তিনটি অনলাইন ট্রাফিক চালান জারি করা হয়েছে তার বিরুদ্ধে।
বিশ্বকাপের মাঝে রোহিতের এমন বেপরোয়াভাবে গাড়ি চালানোয় উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাফিক বিভাগের একজন, জানিয়েছে পুনে মিরর। ওই ব্যক্তির মতে, এখন টিম বাসে চড়ে যাতায়াত করা উচিত ভারতীয় ওপেনারের।
পুনে মিররের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, রোহিত একটি লেমবোরগিনি ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছিলেন। যার নম্বর প্লেটে লেখা ‘২৬৪’। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটি খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। গাড়ির নম্বরও দিয়েছেন সেই তিন সংখ্যা।
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রোহিত। তিন ম্যাচে ১৪১.৮৩ স্ট্রাইক রেট ও ৭২.৩৩ গড়ে করেছেন ২১৭ রান। সেঞ্চুরির সঙ্গে ফিফটি তার একটি। ভারতও আছে দারুণ ছন্দে। এখন পর্যন্ত তিনটি ম্যাচই জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে স্বাগতিকরা।