ইসরায়েলে আটকা পড়া চীনাদের নিজ উদ্যোগে ফিরতে বলল বেইজিং

ইসরায়েল থেকে স্বদেশ ফিরতে ইচ্ছুক এমন চীনা নাগরিকদের নিজ উদ্যোগে বাণিজ্যিক ফ্লাইটের টিকিট কিনতে বলেছে বেইজিং। যদিও অন্য সরকার চার্টার্ড, সামরিক বা অবশিষ্ট বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের সহায়তা করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘চীন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট এখনো চালু রয়েছে। আমরা স্থানীয় চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে চীনে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি।’ খবর ভয়েজ অব আমেরিকার।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলে আটকা পড়া চীনা নাগরিকরা দেশে ফেরার জন্য সহায়তা পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারস্থ হন। ইতোমধ্যে আর্জেন্টিনা, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র তাদের দেশের মানুষদের এ রকম সহায়তা দিয়েছে।