তিনি কোনো রাজনৈতিক নেতা বা ব্যবসায়ী নন। একজন সরকারি কর্মচারী। ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লায় এসে রহস্যজনকভাবে নিখোঁজ হন সাব-রেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস। সন্ধান মেলেনি প্রায় ৬ মাসেও। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী তার সন্ধান দিতে পারেনি। এ ঘটনায় বাদল বিশ্বাসের পরিবার এখনো অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে।
পরিবার ও এলাকাবাসী নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাসকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেও তেমন কোনো প্রতিকার পায়নি। তবে পরিবারের সদস্যরা এখনো আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ বাদলকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেবে।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় কর্মরত সাব-রেজিস্ট্রার বাদল বিশ্বাস বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের অনিল কুমার বিশ্বাসের পুত্র। চলতি বছরের ১৮ এপ্রিল ঈদের ছুটিতে পরিবার নিয়ে নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এর ২দিন পর ২০ এপ্রিল দিবাগত রাতে বাদল তার নিজ মাছের ঘেরের পাড় থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এ ঘটনায় তার ছেলে অংকন বিশ্বাস বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার প্রায় ৬ মাস পার হতে চললেও বাদলের খোঁজ মেলেনি।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, বাদল বিশ্বাসের ছেলের দায়ের করা অপহরণ মামলটি তদন্তের দায়িত্বে ছিলেন উজিরপুর থানার এসআই সজীব। পরে মামলাটি তদন্তের ভার বরিশাল ডিবি পুলিশের ওপর ন্যস্ত করা হলে বর্তমানে ডিবিতে তদন্তাধীন রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল জেলা ডিবির এসআই আজম দেশ রূপান্তরকে বলেন, মামলাটি নিয়ে তাদের টিম কাজ করছে। আশাবাদী দ্রুত ক্লু উদঘাটন হবে। মামলার তদন্তের স্বার্থে আর কিছুই বলা যাবে না।