বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমরা পুরো প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা প্রশিক্ষণ নিয়েছি, সাজ-সরঞ্জাম প্রস্তুত করেছি। নির্বাচন ঘিরে আমরা দায়িত্ব পালনে পুরো প্রস্তুত।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবির চূড়ান্ত ফায়ারিং প্রতিযোগিতা-২০২৩ ও ১০ বিজিবির আটককৃত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও গোলাবারুদ চালান রোধে আমরা সর্বোচ্চ কাজ করছি, বিশেষ গুরুত্ব দিচ্ছি। মাদক পাচার রোধে সীমান্তে সজাগ দৃষ্টি রাখছে বিজিবি। আমাদের সীমান্ত হচ্ছে ৪ হাজার ৪২৭ কিলোমিটার। পেট্রোলিং চলাকালে একটু সুযোগ পেলেই মাদক চোরাকারবারীরা কাজে লাগায়। স্থানীয়রা জড়িত না থাকলে, মাদকের সরবরাহ অনেকাংশে কমে যাবে।
তিনি আরো বলেন, স্থানীয়রা তাদের সন্তানকে বর্ডারে না পাঠিয়ে স্কুলে পাঠালে তারা মাদকের সঙ্গে নিজেদের জড়াবে না। এ বছর আমরা ১১১ কেজি ক্রিস্টাল আইস জব্দ করেছি। এটা বিজিবির জন্য অনেক বড় পাওয়া। আমরা বাইরে থেকে আসা মাদকই নয়, দেশে উৎপাদন কার্যক্রমকেও রোধ করছি। আমরা শতভাগ ধরতে না পারলেও আমাদের যথাসাধ্য চেষ্টা আছে।