মাহফিলের চাঁদা ওঠাতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার মাদ্রাসাছাত্র

বরিশালে ওয়াজ মাহফিলের চাঁদা ওঠাতে যাওয়া এক মাদ্রাসাছাত্রকে পাশবিক নির্যাতনের (বলাৎকার) অভিযোগে রাব্বি শিকদার (২৪) নামে এক যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বরিশাল নগরীর সদর রোডে ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালে গত বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডে ডা. ওয়ালীর বাসা থেকে রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। রাব্বি ওই হাসপাতালের চিকিৎসক তানভিরুল ইসলাম ওয়ালীর সহকারী এবং নগরীর দক্ষিণ জাগুয়া এলাকার আশরাফ আলীর ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী নগরীর পশ্চিম কাউনিয়ার আব্দুল্লাহ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র। এই মাদ্রাসার উদ্যোগে আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠাতব্য মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য ওই হাসপাতালে যায় দুই শিক্ষার্থী।

পুলিশ সূত্র জানায়, ওয়াজ মাহফিলের চাঁদা উত্তোলনের জন্য বুধবার দিবাগত রাতে ফেয়ার ডেন্টাল কেয়ার হসপিটালে যায় দুই ছাত্র। এ সময় চাঁদা দেওয়ার কথা বলে অভিযুক্ত রাব্বি এক ছাত্রকে পাশবিক নির্যাতন (বলাৎকার) করে। পরে অন্য ছাত্রকে পাশবিক নির্যাতনের (বলাৎকারের) চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। পুলিশ আসার আগেই রাব্বি পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে অভিযান চালিয়ে ডা. ওয়ালির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, এই ঘটনায় মাদ্রাসার পরিচালক জহিরুল ইসলাম সিদ্দিকী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।