উন্নয়নশীল দেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বল্পোন্নত থেকে ২০২৬ সালের মধ্যে উন্নয়নশীল দেশ চাইলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এ দেশের মানুষ।

বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগ সরকার যে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলেছে, সেখানে দলমত নির্বিশেষে সবাইকেই সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সেবায় আমরা বিএনপির মত স্বার্থপর হইনি।

তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিপরীতে শান্তি, সমৃদ্ধ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দিতে হবে। মনে রাখবেন আর যদি বিএনপি ক্ষমতায় আসে ২০০১ সালের মত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেবে; বয়স্ক, বিধবা, পঙ্গু ভাতা বন্ধ করে দেবে; জামায়াত ও জঙ্গিবাদের উত্থান হবে।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশিভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, অত্যাধুনিক দৃষ্টিনন্দন খাসমহল জামে মসজিদ ও বাসটার্মিনালসহ বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন অবকাঠামো পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।