ভারতের বিপক্ষে ম্যাচ

২৫৬ রানে কি জেতা যাবে!

পুনেতে ভারতের বিপক্ষে ২৫৬ রান করলো বাংলাদেশ। এই রান কি জয়ের জন্য যথেষ্ট? গত মাসে কলোম্বেতে এশিয়া কাপে ২৬৫ রান করে ভারতকে ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ।

পুনের এমসিএ স্টেডিয়ামের পরিসংখ্যান অবশ্য আশা দিচ্ছে না। এই মাঠে আগের সাত ম্যাচে সর্বনিম্ন স্কোর ছিল নিউজিল্যান্ডের ২৩০/৯। সেই স্কোর ৪ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল ভারত।

এখানে আসলে সাড়ে তিনশ রানও নিরাপদ নয়। ২০১৭তে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৫০ রান করে ভেবেছিল জিতে গেছে তারা। কিন্তু ভারত ১১ বল আগে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় ম্যাচটি।

তবে একবার ভারত উইন্ডিজের বিপক্ষে ২৮৪ রান তাড়া করতে নেমে ২৪০ রানে আটকে গিয়েছিল। এই ম্যাচটা আশা দিতে পারে বাংলাদেশের বোলারদের। বিরাট কোহলি সে ম্যাচে সেঞ্চুরি করলেও মারলন স্যামুয়েলসের অফস্পিনে গুটিয়ে যায় বাকিরা।