বিটিআরসির অ্যাওয়ার্ড অর্জন

বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে বিটিআরসি। পাঁচটি ক্যাটাগরির মধ্যে সরকারি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি সেল। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বিটিআরসির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও ডিজিটাল নিরাপত্তা সেলের কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব, অপতথ্য প্রতিরোধ ও ক্ষতিকর কনটেন্ট অপসারণ, অপরাধী শানাক্তে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহযোগিতা, অনলাইন জুয়া ও পর্নসাইট বন্ধ এবং সাইবার সুরক্ষায় অনবদ্য ভূমিকা রাখায় এই অ্যাওয়ার্ড অর্জন করেছে বিটিআরসি। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্র্তৃপক্ষ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড’ চালু করেছে। বিজ্ঞপ্তি।