ডেঙ্গু প্রতিরোধে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে যথাযথ পর্যবেক্ষণ করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলামন্ডবীরউত্তম, সাবের হোসেন চৌধুরী ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গৃহীত প্রকল্পগুলোর ওপর আইএমইডি কর্র্তৃক প্রদত্ত প্রতিবেদন ও প্রকল্পগুলো দ্রুত সম্পাদনের সুপারিশ করা হয়। সম্প্রতি মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সিটি করপোরেশন ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় যথাশিগগির পুনর্বাসন কার্যক্রম সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়।