জাতীয় নির্বাচন যেহেতু আসন্ন, তাই সব ধরনের আশঙ্কার কথা মাথায় রেখেই সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সুনির্দিষ্ট কোনো হুমকি বা নিরাপত্তার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, শুক্রবার শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। এবার ঢাকা মহানগরীতে ২৪৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তাই পূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, মহালয়া থেকে আজ পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল। আগামীকাল থেকে ৫ দিনব্যাপী মহাষষ্ঠী থেকে বিজয়া দশমীতে বিসর্জন পর্যন্ত পুরো সময় ডিএমপি, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।