নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কেবিন দুগগান ও লয়েড শোয়েপের উদ্দেশে সমন দিয়েছে আদালত। আগামী ৩০ অক্টোবর তাদের হাজির হয়ে এ মামলায় সাক্ষ্য দিতে অনুরোধ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ এজলাসে নাইকো মামলার বিচারকাজ চলছে। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। গত ১২ সেপ্টেম্বর মামলার বাদী ও প্রথম সাক্ষী মাহবুব আলমের জবানবন্দি শেষ হয়। গতকাল খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা করেছেন আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন অসুস্থ থাকায় তার পক্ষে হাজিরা দেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।
গত ১৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বিদেশি সাক্ষীকে সাক্ষ্যদানে অনুমতি দেয় আদালত।