'সরকার পতনের আর কয়েকটা দিন আছে' এমন মন্তব্য করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'কয়েকটা দিন আছে। এখন কিন্তু মাসও নেই। সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে...মারবে তো মারবেই। মারছেই তো। এই ১৫ বছরে আমার হাজারো নেতাকর্মী মেরে ফেলেছে। গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারি হিসাবে গতকালও ৭৭ জনকে গ্রেপ্তার করেছে।'
তিনি বলেন, আর কোনো কথা নয়। আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হয়ে.. আজকে একটা জিনিস কিন্তু আশা জোগাবে, সাহস জোগাবে, আজকে দেশের সকল মানুষ এক হয়েছে। সমস্থ রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।
শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। 'কৃষি উপকরণ ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি: সরকারের অব্যবস্থাপনা- কৃষক এবং জনগণের নাভিশ্বাস' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সোনালী দল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
বিএনপি সন্ত্রাসী দল, গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, 'এখন নতুন সুর শুরু করেছে- বিএনপি সন্ত্রাসী দল। গতকালও প্রধানমন্ত্রী বলেছেন। বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি? আপনারা তো সন্ত্রাসের বাবা।'
ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে, সেমিনারে এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, 'ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান।'
'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে' মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'এখন একেবারে মৃত্যবরণ করার মতো অবস্থা হয়েছে।'
বিএনপির মহাসচিব বলেন, 'দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নজিরবিহীন। সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা অবিশ্বাস্য, নজিরবিহীন। এর পেছনে কারণ অনেকগুলো। মূল কারণ জবাবদিহিতাহীন সরকার। তাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। ইচ্ছেমতো যা খুশি তাই করতে পারছে। তাদের দুঃশাসন দুর্নীতি এমন জায়গায় পৌছেছে যেখানে মানুষের নাভিশ্বাস উঠেছে। এখন একেবারে মৃত্যবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, 'প্রজেক্ট অনেক করা হচ্ছে। প্রজেক্টের মূল লক্ষ্য চুরি করা। এমন চুরি যেটা এক কোটি টাকায় হবে সেটা তিন কোটি টাকা। যেটা ১০ কোটি টাকায় হবে সেটা ২০ কোটি টাকা।
গত ১৫ বছরে এই দেশকে লুটের রাজ্য বানানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এটা বর্ণনা করার ভাষা নেই যে কি হারে এরা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) লুট করেছে। যে লুটের পরিণতি মানুষের ওপর পড়ছে। প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়ে নিচ্ছে। ঋণ করেছে, তার ভারও আমাদের ওপর এসে পড়বে।
এই পরিস্থিতির উত্তরণে বর্তমান সরকারকে সরানো ছাড়া বিকল্প কিছু নেই বলেও মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের ন্যূনতম অধিকার ফেরত পেতে চাই। তিনি অভিযোগ করেন, দুর্নীতি-লুটপাট মগের মুল্লুক- এই প্রক্রিয়ায় সবাই জড়িত হয়ে গেছে। সেই মগের মুল্লুক থেকে তো এরা সহজে বের হতে চায় না।
আমাদের কাছে বন্দুক নেই, সবাইক বেরিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে। তিনি বলেন, আমাদের তো উপায় নেই, আমরা খালি হাতে আছি। আমাদের হাতে তো বন্দুক পিস্তল নেই যে আপনাকে ভয় দেখাব, গ্রেপ্তার করে নিয়ে আসব। আপনাকে আমি ডিবিতে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করব। সেই ক্ষমতা তো আমার নেই।
বিএনপির মহাসচিব বলেন, আমার একটাই ক্ষমতা আছে। মানুষকে সংগঠিত করা। মানুষকে বলা, এই অবস্থা থেকে বেরোতে চাইলে মুক্তি পেতে চাইলে কোনো উপায় নেই, রাস্তায় বেরিয়ে আসতে হবে। এই রাস্তায় বেরিয়ে আসাই তো বড় কথা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কি করছে। তারপরে যা হোক। আপনাকেও রাস্তায় বেরিয়ে আসতে হবে। সকলকে রাস্তায় বেরিয়ে আসতে হবে।
বিএনপির মহাসচিব বলেন , খাদ্যদ্রব্য বলেন, মানুষের জীবনের মূল্য বলেন সব কিছু নির্ভর করছে এই সরকারকে সরাতে না পারলে আপনার কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। তিনি অভিযোগ করেন, 'খালেদা জিয়াকে তো ইচ্ছে করে একেবারে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তাকে চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে না।'
বর্তমান নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'নির্বাচন কমিশন একটা বানিয়েছে। এটার তো কোনো কিছু ঠিক নেই। তারা বলছে যদি পরিবেশ অনুকূলে হয়... তাহলে পরিবেশ অনুকূলে নয়! এখনো পরিবেশ অনুকূলে হয়নি। দরকার কি বাবা, পদত্যাগ করো না, আসো আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আসো।'
বিএনপির মহাসচিব শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, 'শেষবারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। মানে মানে শান্তিতে আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দিন।'