এল ক্লাসিকোতে বার্সা জার্সিতে রোলিং স্টোনসের লোগো

বার্সেলোনার জার্সির মূল স্পন্সর সুইডেনের অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। তাদের সঙ্গে চুক্তির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসছে এল ক্লাসিকোতে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনসের লোগোর সম্বলিতে জার্সি পড়ে খেলবে কাতালান ক্লাব।

রোলিং স্টোনসের 'টাং অ্যান্ড লিপস' (জিহ্বা ও ঠোঁটযুগল) নামে পরিচিত লোগো থাকবে বার্সা জার্সির সামনের অংশে। রোলিং স্টোনসের নতুন অ্যালবাম 'হ্যাকনি ডায়মন্ডস' আজ শুক্রবার মুক্তি পেয়েছে। সেই উপলক্ষে বিশেষ জার্সি গায়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করবে বার্সেলোনা। ক্লাবটি এক বিবৃতিতে বলা জানিয়েছে, '২৮ অক্টোবর ক্লাসিকোতে বার্সা যে জার্সিটি পরবে, তা আবারও একটি অনন্য প্রতীক হয়ে উঠবে এবং সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করবে।'

রোলিং স্টোনসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা ফুটবলের বড় ভক্ত এবং আমরা সম্মানিত যে, স্পটিফাই-এফসি বার্সেলোনার জার্সিতে "টাং অ্যান্ড লিপস" লোগো ব্যবহার করা হয়েছে আমাদের নতুন অ্যালবাম "হ্যাকনি ডায়মন্ডস"-এর মুক্তি উদযাপন করার জন্য।'

২০২২-২৩ মৌসুমে জার্সির মূল স্পন্সর হওয়ার পর থেকেই নতুন অ্যালবামের প্রচারণায় নানা উদ্যোগ নিয়ে আসছে স্পটিফাই। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত ক্লাসিকোতে কানাডিয়ান র‍্যাপার ও গায়ক ড্রেকের লোগোযুক্ত জার্সি ব্যবহার করেছিল বার্সেলোনা। এরপর গত মার্চের এল ক্লাসিকোতেও তাদের জন্য ছিল বিশেষ জার্সি। স্প্যানিশ গায়িকা ও অভিনেত্রী রোসালিয়ার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে সেটা করা হয়েছিল।