বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার বিএনপিকে বাইরে রেখে তাদের পছন্দের কিছু দুর্বল প্রতিপক্ষকে নিয়ে নির্বাচনী খেলা খেলতে চায়। দেশের মানুষ এই সরকারকে আরেকবার এই ধরনের খেলা খেলতে দেবে না। ২০১৪ এবং ২০১৮ সালের মতো কোনো নির্বাচন জনগণ আর দেখতে চায় না।
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলা শাখা বিএনপির ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগান নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার আবারও জোড় করে জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতা দখল করতে চায় বলেই জনগণের গণতান্ত্রিক আন্দোলনে বাঁধা সৃষ্টি করছে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ি একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের কোনো আগ্রহ নেই।
সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলার আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েতুল্লাহ কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দসহ ময়মনসিংহ বিভাগের সাতটি শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।