নওগারঁ বদলগাছিতে কৃষি অফিসের সরকারি কোয়ার্টার দখল করে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বালুভরা ইউনিয়নের খলসি এলাকায় ওই কৃষি অফিসের সরকারি কোয়ার্টারটি উপসহকারী কৃষি অফিসারের জন্য বরাদ্দ ছিল। ওই কোয়ার্টারে বালুভরা ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার নিয়মিত কৃষকদের পরামর্শ প্রদান করেন।
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের ওই কৃষি অফিসের সরকারি কোয়ার্টারে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করার কথা ছিল।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষি অফিসের সাইনবোর্ড। কোয়ার্টারটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কয়েকজন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ওই কোয়ার্টারে নিয়মিত বসেন সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার ও বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেছের আলী। এসময় স্থানীয়রা একটি সরকারি কোয়ার্টারে আওয়ামী লীগ অফিস করায় ক্ষোভ প্রকাশ করেন।
সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার ও বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেছের আলী দেশ রূপান্তরকে জানান, ‘বালুভরাতে দলীয় কোন অফিস নেই। সামনে জাতীয় নির্বাচন। সে জন্য এমপি সাহেবকে বলে ওই ভবনে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।’ একটি রুমে তারা কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান।
বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু দেশ রূপান্তরকে জানান, খলসি কৃষি অফিসের কোয়ার্টারে সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগ অফিস করা হয়েছে। অফিসটি সংসদ সদস্যর উদ্বোধন করার কথা ছিল। কিন্তু উনি আসাতে পারেননি। পরে আমি উদ্বোধন করেছি। সরকারি কোয়ার্টারে দলীয় অফিস বানানো যায় কিনা এমন প্রশ্নে তিনি জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষি অফিসকে অনুমতি নিয়েছেন।
বদলগাছী উপজেলা বালুভরা ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার এস এম এ রশিদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, ওই ভবনটি কৃষি অফিসের সরকারি কোয়ার্টার। কোয়ার্টার সামনে সাইনবোর্ডও টাঙ্গানো রয়েছে। ওই কোয়াটার্রে ৩ টি রুম রয়েছে। সেখানে নিয়মিত কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। সরকারি কোয়ার্টারে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের বিষয়ে লিখিতভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান দেশ রূপান্তরকে জানান, ওই ভবনটি পরিত্যক্ত। কিন্তু ওখানে উপ সহকারী কৃষি অফিসার নিয়মিত কৃষদের মাঝে বিভিন্ন পরামর্শ দেন। সাংবাদিকদের মাধ্যমেই জানাতে পারি ওই কৃষি অফিসের সরকারি কোয়ার্টারে আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে। আগামী শনিবার ওই কোয়ার্টারে একজন অফিসার পাঠানো হবে এবং আগামী রবিবার সরেজমিনে কৃষি কর্মকর্তা নিজেই কোয়র্টারে গিয়ে তদন্ত করবেন বলে তিনি জানান।
দলীয় অফিস করার জন্য কেউ অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে এই কৃষি কর্মকর্তা জানন, কেউ তার কাছ থেকে অনুমতি নেয়নি।