রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের চতুর্থ চালান ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে। গতকাল শুক্রবার সকালে ইউরেনিয়ামবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান নাগরিকরা দুই দেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান।

বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, গত বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে তৃতীয় চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ইউরেনিয়ামের চতুর্থ চালান জ্বালানি সড়কপথে রূপপুরে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি তিনটি দেশে আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটে নিরবচ্ছিন্নভাবে এক বছর বিদ্যুৎ উৎপাদিত হবে।

গত ৫ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের রোসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।