ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা ত্যাগ করতে হবে

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়ন বিএসটিআইর দায়িত্ব। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জননিরাপত্তার বিষয়টি নির্ভর করে।

এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা দেখা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি ব্যবসায়ীদেরও তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।

রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিম্নমানের পণ্য উৎপাদন করে অতি মুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। আমদানিকারকদেরই মানসম্মত পণ্য আমদানি করতে হবে এবং উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। নিম্নমানের পণ্য আমদানি করে ডাম্পিং স্টেশনে পরিণত করা যাবে না।

বিএসটিআইর মহাপরিচালক মা. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার শামীম সাত্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআইর পরিচালক (প্রশাসন) ও (মান) অ. দা. মো. তাদহর জামিল। বিজ্ঞপ্তি।